মানসম্মত, নিরাপদ ও নিয়মতান্ত্রিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কুমিল্লার হোমনায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে পরিদর্শন ও নজরদারি কার্যক্রম জোরদার করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। পরিদর্শনকালে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি পাওয়ায় ঘারমোড়া বাজারের ঘারমোড়া হাড়ভাঙ্গা এক্স-রে ক্লিনিক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
রোববার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম মানিক বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
এ সময় তিনি ঘারমোড়া বাজারের ঘারমোড়া হাড়ভাঙ্গা এক্স-রে ক্লিনিকসহ রামকৃষ্ণপুর বাজার ও দুলালপুর বাজারে অবস্থিত আরও চারটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিষ্ঠানগুলোর স্বাস্থ্যসেবার মান, প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র, চিকিৎসা ও রোগ নির্ণয় কার্যক্রম, পরিবেশ, যন্ত্রপাতি ব্যবহারের অবস্থা এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা হয়। এ সময় বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় ঘারমোড়া হাড়ভাঙ্গা এক্স-রে ক্লিনিকটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়মনীতি অনুসরণ এবং রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতেই উপজেলা স্বাস্থ্য বিভাগের এ ধরনের নিয়মিত পরিদর্শন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম মানিক বলেন, “মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের অনিয়ম, অবহেলা কিংবা দায়িত্বহীনতা মেনে নেওয়া হবে না। সাধারণ মানুষের জন্য মানসম্মত ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও জানান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে সরকারি বিধি-বিধান ও নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করতে হবে। কোনো প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেলে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে উপস্থিত ছিলেন ডা. মো. রাশেদুল ইসলাম (এমওডিসি), অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. কাইয়ুম মিয়া এবং আনসার সদস্য মো. তৌহীদ।
স্থানীয়দের প্রত্যাশা, উপজেলা স্বাস্থ্য বিভাগের এ ধরনের নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকলে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর জবাবদিহি বাড়বে এবং সাধারণ মানুষ আরও নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন।
মোঃ জয়নাল আবেদিন, হোমনা