কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলামের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা ক্রীড়া সমিতির যুগ্ম সম্পাদক মো. আব্দুল ওহাব, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আক্তার, সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুল ইসলাম, ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবিরসহ উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষিকা ও ক্রীড়া সমিতির কমিটির সদস্যরা।
বক্তারা বলেন, আসন্ন গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা আয়োজনকে সফল করতে সংশ্লিষ্টদের করণীয় নিয়েও মতবিনিময় করা হয়।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
মোঃ হাবিবুর রহমান সোহেল, ব্রাহ্মণপাড়া