"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), হোমনার উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, মতবিনিময়, উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তা এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠান।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার বর্মণ-এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম মানিক, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবিব, ঘারমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান এবং হোমনা উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. আক্তার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, একটি দেশের টেকসই উন্নয়নের মূল ভিত্তি হলো শক্তিশালী গ্রামীণ অর্থনীতি। সমবায়ভিত্তিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সরকারের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও তারা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিআরডিবির বিভিন্ন কর্মসূচির আওতায় ১৪ জন উপকারভোগীর মাঝে মোট ৫ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে তাদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারাও তুলে দেওয়া হয়।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিআরডিবির সদস্য, উপকারভোগী, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীরা গ্রামীণ উন্নয়ন ও সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
মোঃ জয়নাল আবেদিন,হোমনা