কুমিল্লা | বঙ্গাব্দ

কুবির গাউসিয়া কমিটি বাংলাদেশের অভিষেক ও প্রশিক্ষণ সভা

  • প্রকাশের তারিখ : 15-মে-2026 ইং
ছবির ক্যাপশন:

গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যকরী পরিষদের অভিষেক ও প্রশিক্ষণ সভা বিশ্ববিদ্যালয়ের  ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্যানেলের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটির মানবিক টিমের টিম প্রধান মোহাম্মদ জাবের হোসাইন। এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের  শিক্ষার্থী মোঃ মাইনুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবু ইউসুফ জুয়েল এবং মোহাম্মদ গোলাম আজম।

অনুষ্ঠানে প্রধান অতিথি সহযোগী অধ্যাপক  মোহাম্মদ মাকসুদুল করিম তার বক্তব্যে বলেন, “যুব সমাজকে নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে গাউসিয়া কমিটির মতো সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষায় নয়, মানবিক গুণাবলীতেও সমৃদ্ধ হতে হবে।”

বিশেষ বক্তা হিসেবে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী মোঃ মাইনুল ইসলাম  বলেন, “গাউসিয়া কমিটি একটি সামাজিক, আধ্যাত্মিক ও অরাজনৈতিক আন্দোলন। যার চূড়ান্ত লক্ষ্য আল্লাহ ও তাঁর রাসুল ﷺ এর সন্তুষ্টি অর্জন এবং মানবসেবা।”

এছাড়াও সভাপতির বক্তব্যে মোহাম্মদ সাইদুর রহমান নবগঠিত কার্যকরী পরিষদের সদস্যদের উদ্দেশ্যে বলেন, “সংগঠনের আদর্শ ধারণ করে মানবকল্যাণে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার মাধ্যমে গাউসিয়া কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি, দিকনির্দেশনামূলক আলোচনা ও প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিসাববিজ্ঞান বিভাগের ১৮তম আবর্তনের শিক্ষার্থী ইশতিয়াক শুভ। এতে সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ