কুমিল্লার নাঙ্গলকোটের বটতলী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে প্রবাসী ছোট ভাই মহিন উদ্দিন ভূঁইয়া ও তার পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে ঘরবন্দী করে রাখার অভিযোগ উঠেছে আপন বড় ভাই মাহবুবুল হক ও হুমায়ুন কবিরের বিরুদ্ধে। দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার প্রতিবাদ করায় প্রবাসী মহিন উদ্দিন ভূঁইয়াকে আক্রমণ ও হত্যার হুমকি দিয়ে আসছে অভিযুক্তরা। ঘটনাটি মহিন উদ্দিন বটতলী ইউনিয়নের লক্ষ্মীপুর ওয়ার্ড মেম্বার আব্দুল হামিদকে অবহিত করে বিচার প্রার্থনা করেন। জনপ্রতিনিধি আব্দুল হামিদ অভিযুক্ত মাহবুবুল হকের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি থানা ও প্রশাসনকে জড়িয়ে অশোভন আচরণ করেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রবাসী মহিন উদ্দিন বৃহস্পতিবার সকালে প্রথমে জাতীয় জরুরী সেবা ও পরে বিকালে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
বৃহস্পতিবার বিকালে সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মরহুম আবদুর রহমান ভূঁইয়ার ছেলে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি প্রবাসী মহিন উদ্দিন ভূঁইয়ার বাড়িতে যাওয়ার একমাত্র চলাচলের রাস্তাটি তার আপন বড় ভাই মাহাবুবুল হক ও হুমায়ুন কবির বাঁশের বেড়া দিয়ে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। ফলে মহিন উদ্দিন, তার স্ত্রী খাদিজা বেগম ও তাদের স্কুল-মাদ্রাসায় পড়ুয়া শিশু সন্তানরা ঘরবন্দী হয়ে পড়েছে। পরিবারের বড়রা পার্শ্ববর্তী একটি কবরস্থানের দেওয়ালের ফাঁক দিয়ে কোনরকম পার হতে পারলেও শিশুদের পার হওয়ার কোন সুযোগ নেই। থানায় অভিযোগ কেন দিয়েছে এবং সাংবাদিক কেন এনেছে জানতে চেয়ে সাংবাদিক ও স্থানীয় সমাজপতিদের উপস্থিতিতে অভিযুক্ত মাহাবুবুল হক প্রবাসী মহিন উদ্দিনকে বারবার আক্রমণ করে। এসময় স্থানীয়দের হস্তক্ষেপে মহিন উদ্দিন রক্ষা পায়।
ভুক্তভোগী প্রবাসী মহিন উদ্দিন ভূঁইয়া বলেন, আমার আপন বড় ভাই মাহাবুবুল হক ও হুমায়ুন কবির আমার চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেয়ায় আমিও আমার পরিবার বন্দী জীবন যাপন করছি। বিষয়টি স্থানীয় মেম্বারকে জানিয়েছি মেম্বার এসে খুলে দেওয়ার চেষ্টা করলে আমার ভাই তাদেরকে আক্রমণ করে। পরে আমি থানায় অভিযোগ করায় থানা প্রশাসন তাকে কিছু করতে পারবে না বলে দাবি করে তারা আমাকে হত্যার হুমকি দিচ্ছে। পূর্বেও তারা এভাবে কয়েকবার রাস্তাটি বন্ধ করেছে আবার খুলেছে। আমি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে অভিযুক্ত মাহবুবুল হক বলেন, আমার জায়গায় আমি বেড়া দিয়েছি। থানা, প্রশাসন, মেম্বার কেউ আমার কিছু করতে পারবে না। এছাড়াও মহিন উদ্দিন কেন থানায় অভিযোগ করেছে, তাকে দেখে নেয়ার হুমকি দেন তিনি।
বটতলী ইউনিয়ন পরিষদ মেম্বার বিএনপি নেতা আব্দুল হামিদ বলেন, বিষয়টি জেনে আমি স্থানীয়দের নিয়ে বাঁশের বেড়াটি খুলে দেওয়ার চেষ্টা করি, কিন্তু মাহবুবুল হক বেড়া সরাতে যাওয়া গ্রামের দুজনকে আক্রমণ করে। পূর্বেও এভাবে কয়েকবার বন্ধ করেছে আমরা খুলে দিয়েছি। মাহাবুবুল হক সমাজ, আইন, আদালত কিছুই মানতে চায় না। সে সমাজ, আইন, আদালত ও প্রশাসন নিয়ে বেফাঁস মন্তব্য করেছে। এখন থানায় অভিযোগ হয়েছে আশা করি প্রশাসন বিষয়টি সুরাহা করবেন।
এ ব্যাপারে নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ শাহিনূর ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নাঙ্গলকোট প্রতিনিধি