কুমিল্লা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে শুরু হয়েছে ‘আরবিসি স্কুল ২০২৬’

  • প্রকাশের তারিখ : 6-মে-2026 ইং
ছবির ক্যাপশন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি (সিবিপি) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে “আরবিসি স্কুল ২০২৬ অন রেসপনসিবল বিজনেস কন্ডাক্ট (আরবিসি)” শীর্ষক পাঁচ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

রোববার (৪ মে) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এডুকেশন (বেইস) ট্রেনিং সেন্টারে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচিতে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সিবিপির সিনিয়র ফেলো ড. কাজী মারুফুল ইসলাম এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও সিবিপির রিসার্চ অ্যাসোসিয়েট ড. কৃষ্ণ কুমার সাহা। এছাড়াও দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও শিল্পখাত সংশ্লিষ্ট পেশাজীবীরা বিভিন্ন সেশনে রিসোর্স পারসন হিসেবে অংশ নিচ্ছেন।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তরুণ পেশাজীবী, গবেষক, উন্নয়নকর্মী এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ব্যবসা ও মানবাধিকার বিষয়ে অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা এবং দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ, ন্যায্যতা ও জবাবদিহিতা সম্পর্কে সচেতনতা তৈরি করা।

প্রশিক্ষণে আন্তর্জাতিক মানবাধিকার আইন, করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর), হিউম্যান রাইটস ডিউ ডিলিজেন্স (এইচআরডিডি), শ্রম বিরোধ নিষ্পত্তি এবং ব্যবসা ও মানবাধিকার কাঠামোর বাস্তব প্রয়োগ বিষয়ে বিভিন্ন ইন্টার‌্যাকটিভ সেশন ও কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে নৈতিক ব্যবসায়িক আচরণ ও মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। "আরবিসি স্কুল ২০২৬" আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশে অবস্থিত ডেনমার্ক ও নেদারল্যান্ডস দূতাবাস, কানাডা এবং সুইডেন সরকারের সহায়তায় পরিচালিত হচ্ছে। অংশগ্রহণকারীদের জন্য প্রশিক্ষণ, আবাসন ও খাবারের ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়েছে।

উল্লেখ্য, আগামী ৮ মে পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ