গাউসিয়া কমিটি বাংলাদেশ–কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী মোঃ সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী মোঃ আরমান।
গত ৩ মার্চ আয়োজিত এক ইফতার মাহফিলে কাউন্সিলের মাধ্যমে গাউসিয়া কমিটি বাংলাদেশ–কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার তৃতীয় কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৭) অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে যুগ্ম সম্পাদক হিসেবে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ১৬তম আবর্তনের মোঃ আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে একই বিভাগের ১৭তম আবর্তনের মোঃ মাইনুল ইসলাম এবং অর্থ সম্পাদক হিসেবে মার্কেটিং বিভাগের ১৭তম আবর্তনের মোহাম্মদ মহসিন চৌধুরী মাহি দায়িত্ব পেয়েছেন।
নবনির্বাচিত সভাপতি সাইদুর রহমান বলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ একটি সমাজসংস্কারমূলক, আধ্যাত্মিক, অরাজনৈতিক ও অলাভজনক মানবিক সংগঠন। সংগঠনটি বিশ্বব্যাপী শান্তি, মানবিকতা ও আধ্যাত্মিক উন্নয়নের আদর্শ প্রচার করে এবং আল্লাহ ও তাঁর প্রিয় হাবীব হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)-এর প্রেমকে জীবনদর্শন হিসেবে ধারণ করে নৈতিক, দায়িত্বশীল ও সেবামূলক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, এই লক্ষ্যকে সামনে রেখে ২০২৩ সালের ২৯ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্যোগে গাউসিয়া কমিটি বাংলাদেশ–কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন মানবিক ও আধ্যাত্মিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান বলেন, সংগঠনটি নিয়মিত কার্যনির্বাহী কমিটির কার্যক্রম পরিচালনার পাশাপাশি বন্যাকবলিত মানুষের সহায়তা, শীতবস্ত্র বিতরণ এবং ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশসহ বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করে থাকে। এছাড়া ইফতার মাহফিল, ঈদে মিলাদুন্নবী, শবে বরাত ও শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা এবং হামদ-নাত প্রতিযোগিতার মতো আয়োজনের মাধ্যমে মানবতা ও ইসলামী মূল্যবোধ প্রচারে কাজ করে যাচ্ছে।
নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
কুবি প্রতিনিধি