মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা সরকারি কলেজ শাখার উদ্যোগে দোয়া, মিষ্টি ও কলম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের রূহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি আহত ও বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
দোয়া শেষে কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করতে মিষ্টি বিতরণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের লেখাপড়া ও নৈতিক উন্নয়নে উৎসাহিত করার লক্ষ্যে কলম বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কলেজ শাখার সভাপতি কাইফ বিন হাবিব ভূঁঞা বলেন, “মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, আত্মত্যাগ ও জাতীয় চেতনার প্রতীক। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে ধারাবাহিকভাবে এমন কর্মসূচি চালিয়ে যাবে।”
কর্মসূচিতে কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কুমিল্লা সরকারি কলেজ প্রতিনিধি