নেকবর হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে চুরির অপবাদে নুর আলম (২৪) নামের এক যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
ঘটনাটি ঘটেছে চৌদ্দগ্রাম উপজেলার ১ নম্বর কাশিনগর ইউনিয়নের উত্তর যাত্রাপুর গ্রামে। গুরুতর আহত নুর আলম বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ওই গ্রামের আবুল হাসানের ছেলে।
রোববার (৫ অক্টোবর) বিকেলে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুর আলম ও প্রতিবেশী আবুল হাশেমের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। শনিবার রাতে নুর আলম পাশের জলাশয়ে মাছ ধরতে গেলে হাশেম তাকে চোর সন্দেহে ধরে এনে নিজের বাড়ির আঙিনায় একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখে।
পরদিন রোববার হাশেমের বাড়ির স্বপন মিয়া ও সোহেল মিয়া মিলে নুর আলমকে বেধড়ক মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ জানায়, ঘটনার পর অভিযান চালিয়ে প্রধান আসামি আবুল হাশেম (৪২) কে গ্রেফতার করা হয়েছে। নুর আলমের বাবা আবুল হাসান বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, “গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।”
কুমিল্লা গেজেট. কম