কুবি সংবাদদাতা।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোটারেক্ট ক্লাব আয়োজিত ৪ মাসব্যাপী রোটাক্যাম্প ১.০ এর অংশ হিসেবে ‘ইঞ্জিনিয়ারিং সিভি মাস্টারক্লাস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
কর্পোরেট আস্কের সিইও নিয়াজ আহমেদ প্রধান আলোচক হিসেবে সিভি, রিজিউমে, বায়োডাটা ও প্রফাইল তৈরির ২৩টি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তিনি বলেন, “নিজের সিভি মানেই নিজেকে তুলে ধরা। সঠিকভাবে প্রস্তুত করা সিভি খুলে দিতে পারে জীবনের নানা সুযোগের দরজা।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সোহরাব উদ্দিন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মাঈনুল হাসান এবং ম্যাজিক প্যারাডাইসের চিফ অপারেটিং অফিসার আলিমুল ইসলাম সোহাগ।
অধ্যাপক ড. সোহরাব উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আমাদের এই উদ্যোগগুলো তোমাদের তৈরি করার জন্য। তোমাদের সিভিই তোমাদের তুলে ধরে।”
অধ্যাপক ড. মাঈনুল হাসান বলেন, “আপনার সিভিই আপনার আয়না। বিশ্ববিদ্যালয় জীবনে কতটা প্রোডাক্টিভ ছিলেন, সেটিই সেখানে প্রতিফলিত হয়।”
অতিথি আলিমুল ইসলাম সোহাগ সিভি বাছাইয়ের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “প্রতিদিন শত শত সিভি আসে। সাম্প্রতিক সময়ে সিভির পাশাপাশি ভিডিও স্পিচও গুরুত্ব পাচ্ছে।”
সেমিনারে কুবির শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কুমিল্লা গেজেট