কুমিল্লা | বঙ্গাব্দ
দেবিদ্বারে বিএনপির নবগঠিত কমিটিকে বরণ ও জুলাই শহীদদের স্মরণে দোয়া
দেবিদ্বারে বিএনপির নবগঠিত কমিটিকে বরণ ও জুলাই শহীদদের স্মরণে...
0:00
0:00

দেবিদ্বারে বিএনপির নবগঠিত কমিটিকে বরণ ও জুলাই শহীদদের স্মরণে দোয়া

ছবির ক্যাপশন:

কুমিল্লার দেবিদ্বারে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিগত জুলাই গণ-আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

​বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে দেবিদ্বার উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা প্রাঙ্গণ থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়। নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট হয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে শেষ হয় এবং পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এর আগে, কর্মসূচি শুরুর প্রাক্কালে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।

​আলোচনা সভায় বক্তারা বলেন, নবগঠিত কুমিল্লা উত্তর জেলা এবং দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপির যোগ্য নেতৃত্বের হাত ধরে দল আগামী দিনে আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। জনগণের হারানো ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

​দলের ভাবমূর্তি রক্ষায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে নেতারা বলেন, বিএনপিতে অন্য দল থেকে আসা কোনো বিতর্কিত বা সুবিধাবাদী ব্যক্তির স্থান হবে না। একই সঙ্গে দলের নাম ভাঙিয়ে কোনো ধরনের চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। এই ধরনের অপকর্মের বিরুদ্ধে দল কঠোর অবস্থানে থাকবে বলে তারা স্পষ্ট জানিয়ে দেন।

​সভায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রিজভিউল আহসান মুন্সি,  কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান. দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিন এবং সদস্য সচিব আবুল কালাম আজাদ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ