কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জুলাই গণহত্যার বিচারের দাবিতে কফিন মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।
শুক্রবার (১৭ জুলাই) বাদ জুমার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে কফিন মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গোলচত্বরে গিয়ে শেষ হয়।
এসময় তাদের "বিচার বিচার চাই খুনী হাসিনার বিচার চাই, জুলাইয়ের শহীদেরা লও লও লও সালাম,আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ,ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ" স্লোগান দিতে দেখা যায়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক নাঈম ভূইয়া বলেন, "জুলাই গণহত্যায় প্রায় ১ হাজার ৪০০ জন শহীদ হয়েছেন এবং ৩০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের অনেকেই এখনো মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। খুনি শেখ হাসিনাসহ জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তির বিচার করতে হবে। একই সঙ্গে ডিজিএফআই, এনএসআই এবং বিভিন্ন সংস্থার যেসব ব্যক্তি বা গোষ্ঠী এই গণহত্যার সঙ্গে জড়িত ছিল, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।"
তিনি আরও বলেন, "বর্তমান সরকারের প্রতি আমাদের আহ্বান, যত দ্রুত সম্ভব জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করুন এবং আওয়ামী লীগকে দল হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রেখে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করুন।"
এ সময় জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক মো. ইকবাল বলেন, "প্রায় দুই বছর পেরিয়ে গেলেও যেই স্বপ্ন নিয়ে আমাদের ভাইয়েরা জীবন উৎসর্গ করেছিলেন, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো আমরা গড়ে তুলতে পারিনি। তাই আমাদের এই লড়াই চলমান থাকবে। শেখ হাসিনাসহ এই হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানাই।"
কুবি প্রতিনিধি