কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে পাহারাদার নির্যাতনের ঘটনায় যুবদল নেতার নামে মামলা, গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

  • প্রকাশের তারিখ : 13-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার বুড়িচং উপজেলার সদর বাজারে ৬০ বছরের বৃদ্ধ পাহারাদার দুলা মিয়াকে যুবদল নেতা ও বাজার কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কর্তৃক মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে আহত পাহারাদারের ভাই শ্যাম মিয়া বাদী হয়ে মামলা করেন।

এ ঘটনার প্রতিবাদে শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় ব্যবসায়ী ও গ্রামবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজার প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়।

এ সময় বিক্ষোভকারীরা দেলোয়ার হোসেনের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, “একজন বৃদ্ধ মানুষ রাতদিন বাজার পাহারা দেন, অথচ সামান্য বিশ্রাম নেওয়ায় তাঁকে কুকুরের মতো পেটানো হয়েছে। এটি শুধু ব্যক্তিগত অপমান নয়, সমাজকেও অপমানিত করেছে।” গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ন্যায়বিচার না হলে আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।

আহত পাহারাদারের পরিবার জানায়, দেলোয়ার হোসেনের লোকজন তাদের হুমকি দিচ্ছে এবং মুখ বন্ধ রাখতে চেষ্টা করছে। এতে পরিবারটি আতঙ্কে দিন কাটাচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার গভীর রাতে বাজার পাহারা দেওয়ার সময় দেলোয়ার হোসেন কাঠের দণ্ড দিয়ে দুলা মিয়াকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। বর্তমানে তিনি বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং ব্যবসায়ী ও গ্রামবাসী অভিযুক্ত যুবদল নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ