কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে সোনালী ব্যাংকের নারী গ্রাহকের ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনতাই

  • প্রকাশের তারিখ : 11-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে প্রতারক চক্রের কৌশল

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং সদরের ইসলাম কমপ্লেক্সে অবস্থিত সোনালী ব্যাংকের ভেতরে অভিনব কৌশলে নগদ ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনতাই করেছে প্রতারক চক্র। ‘শয়তানের নিঃশ্বাস’ (স্কোপোলামিন) নাকে-মুখে ছিটিয়ে নারী গ্রাহককে অচেতন করে টাকা নিয়ে যায় তারা।

ঘটনাটি ঘটে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে। ভুক্তভোগী নারী গ্রাহক মোসা. সামসুন নাহার (৪৫) পীরযাত্রাপুর ইউনিয়নের গোসাইপুর গ্রামের জব্বার মৌলভী বাড়ির আব্দুল মালেকের স্ত্রী। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তিনি বুড়িচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, বিদেশে কর্মরত স্বজনদের পাঠানো ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে সামসুন নাহার ব্যাংকে আসেন। টাকা উত্তোলনের পর ক্যাশ কাউন্টারের সামনে ৪-৫ জন অপরিচিত ব্যক্তি গ্রাহক সেজে তার পাশে দাঁড়িয়ে যায় এবং টাকা গণনায় সহায়তা করে। একপর্যায়ে তার নাকে-মুখে ‘শয়তানের নিঃশ্বাস’ ছিটিয়ে দেওয়া হয়। এরপর তিনি পুরোপুরি প্রতারকদের নিয়ন্ত্রণে চলে যান এবং টাকাগুলো তাদের হাতে তুলে দেন।

বুড়িচং থানার ওসি আজিজুল হক বলেন, “অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংকের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রতারক চক্রকে ধরতে তৎপরতা চলছে।”

সোনালী ব্যাংক বুড়িচং শাখার ম্যানেজার জহুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ৪-৫ জন প্রতারক অভিনব কৌশলে গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে যায়। সম্প্রতি কংশনগর সোনালী ব্যাংক শাখায়ও একই কৌশলে প্রতারণার ঘটনা ঘটেছে। এ চক্রকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে সবার সহযোগিতা প্রয়োজন।”

ভুক্তভোগী নারী গ্রাহক এখন কিস্তির টাকা হারিয়ে দিশেহারা অবস্থায় আছেন।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ