মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জসিম উদ্দিন জসিম বলেছেন, “বিএনপি একটি গণমানুষের দল। রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকলেও মানুষের কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুলালপুর দক্ষিণপাড়ার ফকির বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার অসহায় পরিবারের মাঝে গৃহনির্মাণের জন্য নগদ অর্থ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
জসিম উদ্দিন জসিম আরও বলেন, বিএনপি সবসময় দুর্দিনে মানুষের পাশে থেকেছে। করোনাকালীন সময়, বন্যা ও বিভিন্ন দুর্যোগে দলের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছে। রাষ্ট্রীয় সম্পদের বাইরে থেকেও মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব, বিএনপি সেটাই প্রমাণ করেছে।
এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের দমন-নিপীড়নের সমালোচনা করে বলেন, “১৭ বছরে বিএনপিকে ধ্বংস করার জন্য অমানবিক নির্যাতন চালানো হয়েছে। কিন্তু এখন নেতাকর্মীরা আরও সাহসিকতার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মহসিন কবির সরকার, শ্রমিকদল সভাপতি আবু কাউসার, যুবদল নেতা এডভোকেট আবদুল্লাহ আল মামুনসহ স্থানীয় বিএনপি, যুবদল ও শ্রমিকদলের নেতৃবৃন্দ।
বিএনপির পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারকে মোট ২ লাখ ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
কুমিল্লা গেজেট