কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল এ অভিযান চালায়। এসময় কেরানীনগর গ্রামের মৃত রওশন আলীর ছেলে মো. মনজিল হোসেন (৪৫) কে হাতেনাতে আটক করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ৭৫ বোতল ফেনসিডিল।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মনজিল হোসেন স্বীকার করে যে, তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে।
র্যাব-১১ এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদক নির্মূলে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
কুমিল্লা