কুমিল্লা | বঙ্গাব্দ

‘গা শিউরে ওঠা স্মৃতি’— কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

  • প্রকাশের তারিখ : 5-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্র-জনতার ‘গণ-অভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত হয়েছে হৃদয়ছোঁয়া এক আলোকচিত্র প্রদর্শনী। মঙ্গলবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এই প্রদর্শনীতে জুলাই আন্দোলনের নানা মুহূর্তের ৫৫টি ছবি প্রদর্শন করা হয়, যা আন্দোলনের ভেতরকার ভয়াবহতা ও সাহসিকতার স্মৃতিচারণে দর্শকদের আবেগাপ্লুত করে তোলে।

ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাঈম খাঁন প্রদর্শনী দেখে বলেন, ‘আজকে গণ-অভ্যুত্থান দিবসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে যে আলোকচিত্র প্রদর্শনী হয়েছে, তার প্রতিটি ছবি খুব মনোযোগ দিয়ে দেখেছি। ছবিগুলো দেখে মনে হলো আমি যেন সেদিনগুলোর মধ্যেই আছি। কী ভয়ংকর সময় ছিলো তা ভাবতেই গা শিউরে ওঠে। আমি আশা করি, প্রশাসন আরও ছবি সংগ্রহ করে একটি স্থায়ী "জুলাই কর্নার" তৈরি করবে, যেখানে এসব স্মৃতি সংরক্ষিত থাকবে।’

আলোকচিত্র প্রদর্শনী প্রস্তুত উপ-কমিটির সদস্য সচিব ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল মামুন চৌধুরি জানান, ‘আমরা ওপেন সার্কুলারের মাধ্যমে আলোকচিত্র আহ্বান করেছিলাম। নির্ধারিত সময়ের মধ্যে অনেক ছবি জমা পড়ে। সেখান থেকে ৫৫টি বাছাই করে প্রদর্শন করেছি। আমাদের লক্ষ্য ছিল ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনের পুরো ঘটনাপ্রবাহ ফুটিয়ে তোলা, যাতে দর্শকরা প্রতিটি পর্যায়ের স্মৃতি পুনরায় উপলব্ধি করতে পারেন।’

উপ-কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তারিন বিনতে এনাম বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য ছিল জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিকে সংরক্ষণ ও স্মরণে রাখা। কারণ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনেক জুলাই যোদ্ধা রয়েছেন, এমনকি একজন শহিদও আছেন। আমি কৃতজ্ঞতা জানাই কুবির সাংবাদিকদের প্রতি, যারা প্রতিটি ঘটনা সময়মতো রেকর্ড করে আমাদের পর্যাপ্ত ছবি সরবরাহ করেছেন। আমরা চেষ্টা করেছি ঘটনাগুলোকে তারিখ অনুযায়ী সাজিয়ে উপস্থাপন করতে।’

প্রদর্শনীতে আগত দর্শনার্থীদের মন্তব্য খাতায় বিভিন্ন অনুভূতির প্রকাশ পাওয়া গেছে—কেউ লিখেছেন “আন্দোলনের দিনগুলো যেন চোখের সামনে ভেসে উঠলো”, কেউ বা লিখেছেন “এই ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে”।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ