কুমিল্লা | বঙ্গাব্দ

কংশনগর ব্রিজ রোড চলাচলের অযোগ্য, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

  • প্রকাশের তারিখ : 5-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

মো. আবদুল্লাহ, বুড়িচং।। 
কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর বাজার সংলগ্ন ‘ব্রিজ রোড’ দীর্ঘদিন ধরেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাজুড়ে তৈরি হয় বড় বড় গর্ত, জমে থাকে কাদা ও পানি। ফলে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে রিকশা, ভ্যান, মোটরসাইকেল চালক ও সাধারণ পথচারীদের।

স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন,  “সড়কের পাশে সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে থাকে। এতে প্রতিনিয়ত গর্তের সৃষ্টি হচ্ছে এবং রাস্তার অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। বর্ষায় পুরো সড়ক কাদা-পানিতে ডুবে যায়, ফলে পথচারীরা পড়ে যান মারাত্মক ঝুঁকিতে।”

এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত স্কুল-কলেজ শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও রোগী যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে কোনো সংস্কার কার্যক্রম না থাকায় ভোগান্তি বেড়েই চলেছে।

স্থানীয় ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। ভাই ভাই সেনেটারি অ্যান্ড ডোরস-এর মালিক মো. জহিরুল কাইয়ুম জানান,  “প্রতিদিন দোকানের সামনে কাদা জমে থাকে, ক্রেতারা আসতে চায় না। ব্যবসায় মন্দাভাব চলছে। বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সমাধান পাইনি।”

তিনি আরও বলেন,  “আমাদের দোকান প্রতিদিন পরিষ্কার করতেও কষ্ট হয়। এক সময়ের ব্যস্ত বাজার এখন অনেকটাই ফাঁকা হয়ে যায় বৃষ্টির দিনে।”

স্থানীয়রা জানান, শুধু রাস্তাটি সংস্কার করলেই হবে না—প্রয়োজন ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন। রাস্তার এমন বেহাল দশা শুধু জনদুর্ভোগই নয়, বাজার এলাকার সৌন্দর্য ও সুনামকেও ক্ষুণ্ণ করছে।

স্থানীয়দের আশঙ্কা, জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আসন্ন বর্ষা মৌসুমে দুর্ভোগ ভয়াবহ আকার ধারণ করবে।

তাদের দাবি, দ্রুত রাস্তার পূর্ণাঙ্গ সংস্কার এবং সঠিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করে কংশনগরবাসীর দুর্ভোগ লাঘব করুক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ