নাঙ্গলকোট প্রতিনিধি।।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের বেলঘর গ্রামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এক তরুণকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে বেলঘর গোসাই বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন অপপ্রচারে অভিযুক্ত সম্রাটের পিতা খলিলুর রহমান, মেরকট গ্রামের মোবারক হোসেন, বাজারের ব্যবসায়ী শিউলি বেগম এবং নিহত কিশোর ইসমাইল হোসেন ফাহিমের খালাতো ভাই জোনায়েদ হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক আবুল হোসেন, মোহাম্মদ মোস্তাফিজ, জুয়েল, আব্দুল করিম, আব্দুল জব্বার, জাকির হোসেন, মনির হোসেন, খোরশেদ আলম ও এস এম রানা প্রমুখ।
বক্তারা জানান, গত বৃহস্পতিবার রাতে গোসাই বাজারে শিউলি বেগমের চায়ের দোকানে টেলিভিশনে নাটক দেখতে গিয়ে সম্রাট ও ফাহিমের মধ্যে কথা কাটাকাটি হয়। সম্রাটের ধাক্কায় ফাহিম রেগে গিয়ে লাঠি নিয়ে তেড়ে এলে উপস্থিতরা তাদের শান্ত করে। পরে রাত ৯টার দিকে বাজার সংলগ্ন ফাহিমের নানা মোবারক হোসেনের ঘরে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
ঘটনাটি নিয়ে নাঙ্গলকোট থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। প্রাথমিকভাবে ফাহিমের মা আত্মহত্যার কথা স্বীকার করলেও, পরবর্তীতে স্থানীয় একটি গণমাধ্যমে তার ছেলেকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি করেন। এ নিয়ে এলাকায় বিভ্রান্তি ছড়ায়।
এলাকাবাসী সম্রাটের বিরুদ্ধে করা এসব অভিযোগকে ‘অপপ্রচার’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানান এবং প্রকৃত ঘটনা তদন্তপূর্বক প্রকাশের দাবি জানান।
কুমিল্লা গেজেট