মোঃ ইব্রাহিম, মুরাদনগর ।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার আড়ালিয়া গ্রামের ১৬ বছর বয়সী কিশোর আব্দুর রহমান গত ১৩ জুলাই থেকে নিখোঁজ রয়েছে। দীর্ঘ ২২ দিনেও তার সন্ধান না মেলায় পরিবারের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ আব্দুর রহমান কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন দিনদয়াপুর মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র। তিনি ওইদিন বিকাল ৫টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে আর বাড়ি ফেরেননি।
তার মা রাবিয়া বেগম ২৪ জুলাই কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর: ১৩৪৬।
রাবিয়া বেগম বলেন, “আমার একমাত্র ছেলে আব্দুর রহমান। ও ছাড়া আমার কেউ নেই। আমি তাকে ছাড়া বাঁচতে পারব না। কেউ যদি আমার ছেলের খোঁজ পেয়ে থাকে, অনুগ্রহ করে জানান। আমি সারাক্ষণ দরজার দিকে তাকিয়ে থাকি, যদি ছেলে ফিরে আসে।”
নিখোঁজের সময় আব্দুর রহমানের পরনে ছিল খয়েরি রঙের পাঞ্জাবি ও পায়জামা। তার গায়ের রঙ শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি।
কুমিল্লা সদর দক্ষিণ থানার এসআই জিয়াউর রহমান বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যতদিন না ছেলেটিকে উদ্ধার করা যাচ্ছে, তদন্ত অব্যাহত থাকবে।”
কোনো সহৃদয় ব্যক্তি যদি আব্দুর রহমানের সন্ধান পান, তাহলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে
কুমিল্লা গেজেট