মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে ছাত্তার ভিলা নামক বাড়ির তৃতীয় তলার একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—জাহেদা আক্তার (৩৫) ও তার মেয়ে মিশু আক্তার (১৫)। তারা ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ভোরে হঠাৎ বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যান গৃহকর্তা মীর হোসেন। তার আচরণে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘরে ঢুকে মা-মেয়ের নিথর দেহ দেখতে পায়।
বাড়ির মালিক আবুল খায়ের জানান, গত ১২ জুলাই মীর হোসেন রাজমিস্ত্রির পরিচয়ে ওই বাসা ভাড়া নেন। তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকতেন। ঘটনার দিন ভোরে হঠাৎ তার পালিয়ে যাওয়া সন্দেহজনক ছিল। পরে ঘরে গিয়ে তারা জাহেদা ও মিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমরা মরদেহ দুটি উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। স্বামী মীর হোসেন পলাতক রয়েছে, তাকে ধরতে অভিযান চলছে।”
পুলিশ বলছে, ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে। পারিবারিক কলহ, অর্থনৈতিক সংকট বা অন্য কোনো কারণ তদন্তের আওতায় আনা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত মীর হোসেনকে গ্রেফতার করে ঘটনার সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করা হোক।
কুমিল্লা গেজেট