কুবি সংবাদদাতা।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান ও মার্কেটিং বিভাগের র্যাগিংয়ের অভিযোগে বহিষ্কৃত ১২ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ সাময়িকভাবে স্থগিত করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। তবে ভবিষ্যতে তারা কোনো ধরনের অপরাধে জড়ালে পূর্বের শাস্তি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিত কুবির ১০৫তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছেন এক সিন্ডিকেট সদস্য।
তিনি বলেন, “শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা যদি ভবিষ্যতে কোনো অসদাচরণে লিপ্ত হয়, তাহলে তাদের বিরুদ্ধে পূর্বের বহিষ্কারাদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে।”
সিন্ডিকেট সভায় আরও সিদ্ধান্ত হয়, অভিযুক্ত ১২ শিক্ষার্থীকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে তারা বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক সুবিধা আর ভোগ করতে পারবে না।
প্রসঙ্গত, কুবির নৃবিজ্ঞান ও মার্কেটিং বিভাগের কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে র্যাগিংয়ের একাধিক অভিযোগ উঠে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত মাসে ১২ শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছিল।
বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে। অনেকেই সিন্ডিকেটের সাময়িক স্থগিতাদেশকে দায়িত্বশীল সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার কেউ কেউ শাস্তি পুনর্বহালের দাবিও তুলেছেন।
কুমিল্লা গেজেট