কুমিল্লা | বঙ্গাব্দ

দেবিদ্বারে শহীদ স্মরণে বিএনপির মৌন মিছিল ও দোয়া

  • প্রকাশের তারিখ : 18-জুলাই-2025 ইং
ছবির ক্যাপশন:

দেবিদ্বার প্রতিনিধি।।
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে কুমিল্লার দেবিদ্বারে মৌন মিছিল ও বিশেষ দোয়া মাহফিল করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলা সদরে আয়োজিত কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মৌন মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে উপজেলার একটি মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাতও অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মঞ্জরুল হক সরকার, পৌর বিএনপির আহ্বায়ক ভিপি মাহফুজ, সদস্য সচিব আলিম পাঠান, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম (ভিপি শাহিন), স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এইচ এম ইমরান এবং দেবিদ্বার পৌর যুবদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহ জামান প্রমুখ।

বক্তারা বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের ১১ মাস পার হলেও এখনো শহীদদের হত্যার বিচার হয়নি। শহীদ পরিবারগুলো এখনো জানতে চায়, কবে বিচার হবে? এ প্রশ্নের উত্তর আমাদের নেই, তবে শহীদদের রক্ত বৃথা যেতে দেবে না বিএনপি।”

দেবিদ্বার বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন বলেন, “জনগণকে সঙ্গে নিয়ে আমরা ইনশাআল্লাহ এই হত্যাকাণ্ডের বিচার করব। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করব।”

বক্তারা আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিচার অবশ্যই হবে এবং সেই লক্ষ্যে সবাইকে চেতনায় জেগে উঠে আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ