কুমিল্লা | বঙ্গাব্দ
কুবির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন : বর্ণিল আয়োজনে মুখরিত ক্যাম্পাস
কুবির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন : বর্ণিল আয়োজনে মুখরিত ক...
0:00
0:00

কুবির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন : বর্ণিল আয়োজনে মুখরিত ক্যাম্পাস

ছবির ক্যাপশন:

পায়রা ও বেলুন উড়ানো, কেক কাটা, র‌্যালি, এবং সম্মাননা স্মারক প্রদানসহ বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) উদযাপন করেছে তার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিশ্ববিদ্যালয় পরিবারের অংশগ্রহণে এ উৎসব রূপ নেয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

আজ ২৮ মে (বুধবার) সকাল সাড়ে ১০টায় উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালি শুরু হয়, যা ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এরপর পায়রা অবমুক্তকরণ ও কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রফেসর ড. এম. এম. শরীফুল করীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সোলাইমান, প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, হাউস টিউটর, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন নিয়োগপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, “দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে আজ আমরা মুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করতে পারছি। আন্দোলনে নেতৃত্বদানকারী সকল শিক্ষার্থীর প্রতি কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে শহীদ আব্দুল কাইয়ুমকে গর্বের সঙ্গে স্মরণ করছি। এই পরিবর্তন আমাদের নতুন স্বপ্ন ও প্রত্যয়ের পথ দেখিয়েছে। বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য শুধু জ্ঞান সৃষ্টি ও বিতরণ নয়, বরং একটি বৈষম্যহীন সমাজ গঠনে সকলে মিলে কাজ করতে হবে। এজন্য কাঠামোগত ও মানসিক পরিবর্তন অত্যাবশ্যক। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।”

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন,
“আজ ২৮ মে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ১৯ বছরে পদার্পণ করেছে। চব্বিশের গণআন্দোলনের মাধ্যমে দুর্নীতিমুক্ত ও স্বৈরাচারমুক্ত একটি নতুন বাংলাদেশ গঠনের সূচনা হয়েছে। আমাকেও একটি মিশন নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। আশা করছি, কুবিতেও আমরা দুর্নীতি ও অনিয়ম দূর করতে সক্ষম হবো।”

উল্লেখ্য, ২০০৬ সালের ২৮ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং ২০০৭ সালের ২৮ মে থেকে শিক্ষা কার্যক্রম শুরু করে। এটি দেশের ২৬তম পাবলিক বিশ্ববিদ্যালয়। বর্তমানে ৬টি অনুষদের অধীন ১৯টি বিভাগে ৭ হাজারের অধিক শিক্ষার্থী এখানে অধ্যয়নরত।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ