কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ থেকে শুরু হয়েছে ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) পরীক্ষা। এই ইউনিটে মোট ৪৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৩ হাজার ৭৯২টি, যার ফলে প্রতি আসনের জন্য লড়ছেন ৫৪ জন শিক্ষার্থী।
এই বিষয়ে ‘বি’ ইউনিটের পরীক্ষা কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, 'আমরা ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। শিক্ষার্থীদের জন্য সব গুলো কেন্দ্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরীক্ষাকে সামনে রেখে জুমার নামাজের সময় ১ টা ১৫ মিনিটে এগিয়ে নিয়ে আসা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমাদের কেন্দ্র পরিদর্শকরা ১১ টার মধ্যে তাদের নির্ধারিত কেন্দ্রে পৌঁছে গেছেন।'
উল্লেখ্য, এর আগে গত ১৯ এপ্রিল 'এ' ও 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর ‘এ’ ইউনিটে ৩৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩২ হাজার ৬৫৮ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন গড়ে ৯৩ জন শিক্ষার্থী। অন্যদিকে, ‘সি’ ইউনিটে ২৪০টি আসনের জন্য আবেদন করেছেন ৯ হাজার ৯৫২ জন শিক্ষার্থী, অর্থাৎ প্রতি আসনের জন্য লড়ছেন গড়ে ৪১ জন।
খাইরুল আমীন মাসুম, কুবি প্রতিনিধি