কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ সেশনের 'এ' ও 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ রাত ১২ টার পর থেকে জানা যাবে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
তিনি বলেন, 'সি' ইউনিটের রেজাল্ট তৈরি হয়ে গেছে। আগামীকাল ২৩ এপ্রিল (বুধবার) থেকে 'এ' ও 'সি' ইউনিটের ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
তবে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আগামীকাল দুপুর ১২ টার পর ফলাফল প্রকাশিত হবে বলে জানানো হয়।
এবিষয়ে জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘বিদ্যুৎ বিভ্রাট বা প্রযুক্তিগত ত্রুটি হলে ফল প্রকাশ করতে আগামীকাল দুপুর ১২ টা পর্যন্ত সময় লাগতে পারে। এজন্য অফিশিয়ালি আগামীকালের কথা বলা হয়েছে। তবে আজ রাতে ফলাফল প্রকাশ করতে পুরোধমে কাজ চলছে।’
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল 'সি' ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়সহ ১২টি কেন্দ্রে ৯ হাজার ৯শত ৫২ জন পরীক্ষার্থীর বিপরীতে উপস্থিতি ছিলো ৭ হাজার ৬ শত ৪৬ জন। উপস্থিতির হার ৭৬ দশমিক ৮৩শতাংশ। 'এ' ইউনিটে ৩০ টি কেন্দ্রে ৩২ হাজার ৬ শত ৫৮ জন শিক্ষার্থী বিপরীতে ২১ হাজার ৯ শত ৯৯জন। উপস্থিতির হার ৬৭ দশমিক ৫৩ শতাংশ।
কুবি প্রতিনিধি