কুমিল্লা | বঙ্গাব্দ

কুবি ভর্তি পরীক্ষা: কেন্দ্রে দেরিতে পৌঁছে স্বপ্নভঙ্গ ৪ শিক্ষার্থীর

  • প্রকাশের তারিখ : 19-এপ্রিল-2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নির্ধারিত সময়ের পর কেন্দ্রে পৌঁছানোয় পরীক্ষায় অংশ নিতে পারেনি চারজন পরীক্ষার্থী। শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয় এ ইউনিটের পরীক্ষা।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নির্দেশনায় বলা হয়, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং পরীক্ষার সময় শুরু হওয়ার পর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

সরেজমিনে দেখা যায়, পরীক্ষার সময় শুরুর ৪, ১৭ ও ২০ মিনিট পর চারজন শিক্ষার্থী কেন্দ্রে উপস্থিত হন। কিন্তু পরীক্ষার নিয়ম অনুযায়ী সময়মতো না আসায় তাদের পরীক্ষা দিতে দেওয়া হয়নি।

পরীক্ষায় অংশ নিতে না পারা সাজ্জাদ হোসেন নামের এক শিক্ষার্থী বলেন, "আমি ২০ মিনিট দেরি করেছি, তাই আমাকে পরীক্ষায় বসতে দেয়নি। অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন পরিস্থিতিতে আমাকে পরীক্ষা দিতে দেওয়া হয়েছিল। আমার মনে হয় এখানে আমাকে সুযোগ দেওয়া উচিত ছিল। আমার জীবনের এক বছর নষ্ট হয়ে গেল, স্বপ্নটাই ভেঙে গেল।"

আরেক পরীক্ষার্থী রবিউল হোসেন বলেন, "পরের বছর থেকে যেন পরীক্ষা আরও দেরিতে হয়। এবার ১০টায় ছিল, আমি চাই ভবিষ্যতে যেন অন্তত ১১টায় হয়।"

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিয়া উদ্দিন বলেন, "বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আমরা কাউকে পরীক্ষা শুরুর পর কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে পারি না। ওই শিক্ষার্থী ২০ মিনিট পরে এসেছে, যা নিয়মের বাইরে।"

প্রসঙ্গত, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় শুধুমাত্র কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একজন মেয়েসহ মোট চারজন পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে না পারায় পরীক্ষায় অংশ নিতে পারেননি।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ