কুমিল্লা | বঙ্গাব্দ

চান্দিনায় চুরির অপবাদে শরীরে আগুন, অটোরিকশা চালকের মৃত্যু

  • প্রকাশের তারিখ : 18-এপ্রিল-2025 ইং
নিহত অটোরিকশা চালক মো. সবুজ ছবির ক্যাপশন: নিহত অটোরিকশা চালক মো. সবুজ

কুমিল্লার চান্দিনায় চুরির মিথ্যা অপবাদ ও স্থানীয় সালিশে জরিমানার চাপ সইতে না পেয়ে নিজ গায়ে আগুন দেয় অটোরিকশাচালক মো. সবুজ (৩০)।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের স্ত্রী খুশি আক্তার।

মো. সবুজ কুমিল্লার চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন এবং চান্দিনা উপজেলা সদরের বেলাশহর এলাকায় ভাড়া বাসায় থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ৭ ডিসেম্বর রাতে। চান্দিনা হাসপাতাল রোড এলাকার ইউনুছ মিয়ার গ্যারেজ থেকে দুটি অটোরিকশা চুরি হয়। সবুজসহ আরও দুই চালক ওই গ্যারেজে যানবাহন রাখতেন এবং পালাক্রমে পাহারা দিতেন। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় চোর শনাক্ত করে ২০২৫ সালের ৪ মার্চ চান্দিনা থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০ জনকে আসামি করে মামলা করা হয়।

স্থানীয়রা একজন সন্দেহভাজন মানিককে ধরে পুলিশে দিলেও, পরে কিছু প্রভাবশালী ব্যক্তি থানায় গিয়ে 'স্থানীয় মীমাংসা'র কথা বলে তাকে ছাড়িয়ে আনেন। এরপর উল্টো সবুজকে সন্দেহভাজন হিসেবে অভিযুক্ত করে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গরিব সবুজের পক্ষে এই জরিমানা দেওয়া সম্ভব ছিল না। অপমান, অবিচার ও আর্থিক চাপে পড়ে গত ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এতে তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে যায়।

সবুজের স্ত্রী খুশি আক্তার বলেন, "আমার স্বামী চোর না। গরিব মানুষের কোনো বিচার নাই। চোরকে ছাড়িয়ে দিয়ে আমার স্বামীকে অপবাদ দিয়ে জরিমানা করা হলো। এত অপমান সইতে না পেরে সে আগুন দিয়ে আত্মহত্যা করল। তার অটোরিকশাটাও ফেরত পায়নি।"

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, “চুরির অপবাদে অপমানিত হয়ে সবুজ আত্মহত্যার চেষ্টা করে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সে মারা গেছে। এই ঘটনায় স্থানীয় সালিশে যারা জড়িত ছিলেন, তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ