টানা কয়েক দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করেছে। নতুন দামে প্রতি ভরিতে বেড়েছে ১ হাজার ৫৭৫ টাকা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য জানিয়েছে বাজুস। আজ সকাল ১০টা থেকেই এ দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা।
নির্ধারিত এসব দাম ভ্যাটসহ প্রযোজ্য হবে। তবে স্বর্ণের অলংকার কিনতে ক্রেতাদের এর সঙ্গে মজুরি দিতে হবে।
এর আগে গত ২৩ নভেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছিল। তার আগে টানা নয় দফায় স্বর্ণের দাম কমানো হয়।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৭ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৬ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।
www.cumillagazette.com ডেস্ক