কুমিল্লার মুরাদনগরে পারিবারিক বিরোধের জেরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে সুখিয়া বেগম (৩৩) নামে এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
নিহত সুখিয়া বেগম দেবিদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের মালেক ফকিরের মেয়ে। অভিযুক্ত প্রাক্তন স্বামী শরিফ মিয়া (৩৫) একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে শরিফ মিয়ার সঙ্গে সুখিয়ার বিয়ে হয়। দাম্পত্য কলহের জেরে পাঁচ মাস আগে তারা আলাদা হয়ে যান। তাদের আট বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। মেয়েকে কার কাছে রাখা হবে, তা নিয়ে বিরোধ চলছিল বলে নিহতের পরিবারের দাবি।
পরিবারের অভিযোগ, মেয়েকে প্রাক্তন স্বামীর কাছে দিতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে শরিফ মিয়া সুখিয়াকে ছুরিকাঘাত করেন।
মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে দাম্পত্য কলহের বিষয়টি জানা গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্তাধীন।
নেকবর হোসেন