কুমিল্লা | বঙ্গাব্দ
র‍্যাংকিং নয়, ‘রিপোর্টার’ তালিকাতেও নেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়
র‍্যাংকিং নয়, ‘রিপোর্টার’ তালিকাতেও নেই কুমিল্লা বিশ্ববিদ্যা...
0:00
0:00

র‍্যাংকিং নয়, ‘রিপোর্টার’ তালিকাতেও নেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ছবির ক্যাপশন:

টাইমস হায়ার এডুকেশন (THE) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং-২০২৭-এ এবারও স্থান পায়নি কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত এবারের র‍্যাংকিংয়ে বাংলাদেশের ৩৫টি বিশ্ববিদ্যালয় তালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে ২৫টি বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে স্থান পেয়েছে এবং ১০টি বিশ্ববিদ্যালয় ‘রিপোর্টার’ হিসেবে তালিকাভুক্ত হয়েছে। তবে কোনো তালিকাতেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম নেই।

টাইমস হায়ার এডুকেশনের ২০২৭ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বিশ্বের ১১৮টি দেশ ও অঞ্চলের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। শিক্ষা, গবেষণার পরিবেশ, গবেষণার মান, শিল্প খাতের সঙ্গে সংযোগ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর মূল্যায়ন করা হয়েছে।

বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৮০১ থেকে ১০০০ ব্যান্ডে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।

১০০১ থেকে ১২০০ ব্যান্ডে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।

এ ছাড়া ১২০১ থেকে ১৪০০ ব্যান্ডে রয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

১৪০১ থেকে ১৬০০ ব্যান্ডে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, খুলনা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

১৮০১ থেকে ২০০০ ব্যান্ডে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

র‍্যাংকিংয়ে স্থান পাওয়া ২৫টি বিশ্ববিদ্যালয়ের বাইরে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, উত্তরা ইউনিভার্সিটি, বরেন্দ্র ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশকে ‘রিপোর্টার’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

টাইমস হায়ার এডুকেশনের তথ্য অনুযায়ী, ‘রিপোর্টার’ হিসেবে তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো র‍্যাংকিং প্রক্রিয়ায় তথ্য-উপাত্ত জমা দিয়েছে। তবে র‍্যাংকিংয়ে অন্তর্ভুক্তির নির্ধারিত যোগ্যতা পূরণ না করায় তাদের নির্দিষ্ট কোনো র‍্যাংক দেওয়া হয়নি। THE জানিয়েছে, এ ধরনের প্রতিষ্ঠানগুলো র‍্যাংকিং প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিলেও কঠোর যোগ্যতার মানদণ্ডের কারণে ওই বছর র‍্যাংক করা হয় না।

এবারের র‍্যাংকিংয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ১০০১ থেকে ১২০০ ব্যান্ডে অবস্থান করছে। অন্যদিকে গত বছর ৮০১ থেকে ১০০০ ব্যান্ডে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবার ১০০১ থেকে ১২০০ ব্যান্ডে রয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত টাইমস হায়ার এডুকেশনের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ের মূল তালিকায় জায়গা করে নিতে পারেনি। এবারের র‍্যাংকিংয়েও বিশ্ববিদ্যালয়টির নাম ২৫টি র‍্যাংকপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় কিংবা ১০টি ‘রিপোর্টার’ প্রতিষ্ঠানের তালিকায় নেই।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ