কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রতি বৃহস্পতিবার রোটেশনের মাধ্যমে একজন নারী চিকিৎসক ছাত্রী হলগুলোতে গিয়ে ছাত্রীদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা দেবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমানে কর্মরত চিকিৎসকদের সংখ্যা এবং সেবাগ্রহীতাদের প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে নতুন ডিউটি রোস্টার প্রস্তুত করা হয়েছে। মেডিকেল সেন্টারের সংশ্লিষ্ট চিকিৎসকদের নির্ধারিত ডিউটি রোস্টার অনুযায়ী উপস্থিত থেকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন রোস্টার অনুযায়ী, ডেপুটি চিফ মেডিকেল অফিসার ও মেডিকেল সেন্টারের দপ্তরপ্রধান ডা. মাহমুদুল হাসান খান এবং ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মাহমুদা আক্তার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মো. বেলায়েত হোসেন ভূঁইয়া এবং সিনিয়র মেডিকেল অফিসার ডা. শাহিদা আক্তার শিমু সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
এর পাশাপাশি প্রতি সপ্তাহের সোমবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অতিরিক্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে। এ সময়ে রোটেশনের ভিত্তিতে চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মীরা দায়িত্ব পালন করবেন।
রোস্টার অনুযায়ী, মাসের প্রথম সোমবার সিনিয়র মেডিকেল অফিসার ডা. শাহিদা আক্তার শিমু ও নার্স জেসমিন আক্তার, দ্বিতীয় সোমবার ডা. মো. বেলায়েত হোসেন ভূঁইয়া, তৃতীয় সোমবার মেডিকেল সেন্টারের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আলী হাসান নেওয়াজ এবং চতুর্থ সোমবার ডা. মাহমুদা আক্তার দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া প্রতি বৃহস্পতিবার রোটেশনের মাধ্যমে একজন নারী চিকিৎসক ছাত্রী হলগুলোতে গিয়ে ছাত্রীদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান করবেন। এর ফলে ছাত্রীদের হলে অবস্থান করেই নারী চিকিৎসকের কাছ থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নেওয়ার সুযোগ তৈরি হবে।
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান বলেন, “আগে চিকিৎসকরা সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দায়িত্ব পালন করতেন। এখন রোটেশনের মাধ্যমে অতিরিক্ত সময়ে রাত ৮টা পর্যন্ত চিকিৎসকরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি মেয়েদের হলগুলোতে প্রতি বৃহস্পতিবার একজন নারী চিকিৎসক দায়িত্ব পালন করবেন।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেডিকেল সেন্টারের অন্যান্য কর্মচারীদের ডিউটি দপ্তরপ্রধান সমন্বয় করবেন। নৈমিত্তিক ছুটির বিষয়ে মেডিকেল সেন্টারের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আলী হাসান নেওয়াজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে রেজিস্ট্রার কার্যালয়কে অবহিত করবেন।
এ ছাড়া মেডিকেল সেন্টারের বিভাগীয় যেকোনো সিদ্ধান্তের বিষয়ে দপ্তরপ্রধান কর্তৃপক্ষকে অবহিত ও সমন্বয় করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
কুবি প্রতিনিধি