কুমিল্লার লালমাইয়ে ফেসবুকের কমেন্টকে কেন্দ্র করে এক যুবককে মারধর ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. রাকিব।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট ২০২৬ তারিখে লালমাই উপজেলার জয়নগর মধ্যমপাড়া মনতাজের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
অভিযোগে মো. রাকিব উল্লেখ করেন, কয়েক সপ্তাহ আগে ফেসবুকের একটি কমেন্টকে কেন্দ্র করে তার সঙ্গে তানভীর হোসেন রাকিব ও সালাউদ্দিনের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে ঘটনার দিন অভিযুক্তরা তাকে মারধর করেন বলে অভিযোগ তার।
ভুক্তভোগীর দাবি, তাকে ঘুষি ও লাথি মারা হয়। একপর্যায়ে ডান পায়ের হাঁটুতে ইট দিয়ে আঘাত করা হলে সেখানে গুরুতর জখম হয় এবং আটটি সেলাই দিতে হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এছাড়া বাম চোখের নিচে ঘুষি মারা এবং তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন মো. রাকিব। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসায় তিনি রক্ষা পান বলে দাবি করেন।
অভিযোগপত্রে আরও বলা হয়, আহত অবস্থায় তাকে লাকসাম হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তিনি তিন দিন চিকিৎসাধীন ছিলেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং সঠিক বিচার পাওয়ার জন্য লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত আবেদন জানিয়েছেন ভুক্তভোগী।
এ বিষয়ে অভিযোগে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া সম্ভব।
লালমাই প্রতিনিধি