কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্বর্ণের চেইন চুরির ঘটনায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দীর্ঘভূমি এলাকায় ব্রাহ্মণপাড়া-দুলালপুর সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন সকালে সেলিনা বেগম (৫০) নামের এক নারীর গলায় থাকা ২২ ক্যারেটের ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন কৌশলে খুলে নিয়ে যায় শামসুন্নাহার (৪০)। চুরি যাওয়া চেইনটির আনুমানিক মূল্য ১ লাখ ১৫ হাজার টাকা।
এ ঘটনায় মো. তাজুল ইসলাম (৫৫) ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে এফআইআর নং-২২(০৮)২০২৬, ধারা ৩৭৯/৪১১ পেনাল কোডে মামলা রুজু করা হয়।
মামলা তদন্তের দায়িত্ব পান ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. রফিকুল ইসলাম। পরে তিনি থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তাররা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের শামসুন্নাহার (৪০), মর্জিনা বেগম (৩০), ফুল চাঁন বিবি (৩৩), সাজারা বেগম (২২) ও অজুফা বেগম (২৫)।
পুলিশ জানায়, নারী কনস্টেবলের মাধ্যমে গ্রেপ্তার শামসুন্নাহারের দেহ তল্লাশি করা হলে তার পরিহিত সেলোয়ারের ডান কুঁচি থেকে চুরি যাওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি ও চোরাই মালামাল সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। শামসুন্নাহারের বিরুদ্ধে সাভার থানায় একটি, মর্জিনা বেগমের বিরুদ্ধে আশুলিয়া, বাসন ও কসবা থানায় তিনটি, ফুল চাঁন বিবির বিরুদ্ধে সিলেটের গোপালগঞ্জ থানায় একটি, সাজারা বেগমের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় একটি এবং অজুফা বেগমের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় একটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার পাঁচজন আসামীদে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মোঃ হাবিবুর রহমান সোহেল, ব্রাহ্মণপাড়া