কুমিল্লার হোমনা উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্যাডে প্রকাশিত পৃথক তালিকায় উপজেলা বিএনপির ১৬০ সদস্য ও পৌর বিএনপির ১৬৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পাশাপাশি পৌর বিএনপির ১৩ সদস্যের উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মোহাম্মদ মহিউদ্দিন, সিনিয়র সহসভাপতি মো. জাকির হাসান এবং সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (ভিপি মুকুল)। কমিটিতে সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
উপজেলা কমিটিতে প্রচার ও প্রকাশনা, মুক্তিযুদ্ধ, মহিলা, কৃষি, যুব, আইন, প্রবাসী কল্যাণ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন, মানবাধিকার, ক্রীড়া ও সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদকীয় পদ রয়েছে। এছাড়া বিভিন্ন সহসম্পাদকীয় পদে নেতাদের দায়িত্ব দেওয়ার পাশাপাশি বিপুলসংখ্যক নেতাকর্মীকে নির্বাহী সদস্য করা হয়েছে।
কমিটিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকার নেতাকর্মীদের স্থান দেওয়া হয়েছে। হোমনা সদর ছাড়াও ঘারমোড়া, মাথাভাঙ্গা, চান্দেরচর, আসাদপুর, দুলালপুর, ভাষানিয়া, নিলখী, জয়পুর ও ঘাগুটিয়াসহ বিভিন্ন এলাকার প্রতিনিধিত্ব রয়েছে।
অন্যদিকে, হোমনা পৌর বিএনপির সভাপতি মো. সানাউল্লাহ সরকার, সিনিয়র সহসভাপতি মো. আব্দুল লতিফ এবং সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। ১৬৩ সদস্যের এ কমিটিতে সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা, মুক্তিযোদ্ধা, মহিলা, পরিবেশ, যুব, ছাত্র, ধর্ম, কৃষি, প্রশিক্ষণ, তথ্য ও গবেষণা, প্রবাসী কল্যাণ, আইন ও মানবাধিকার, গণশিক্ষা, স্থানীয় সরকার, ক্রীড়া ও সাংস্কৃতিক এবং মৎস্যজীবী বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। পৌর কমিটিতে বিভিন্ন সহসম্পাদকীয় পদও রাখা হয়েছে। কমিটির শেষাংশে বিভিন্ন ওয়ার্ড ও এলাকার নেতাকর্মীদের নির্বাহী সদস্য করা হয়েছে।
এদিকে, ইঞ্জিনিয়ার মো. আক্তারুজ্জামানকে প্রধান উপদেষ্টা করে ১৩ সদস্যের পৌর বিএনপির উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
দলীয় প্যাডে প্রকাশিত তালিকা অনুযায়ী, উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটিতে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও এলাকার নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মধ্য দিয়ে হোমনায় বিএনপির উপজেলা ও পৌর পর্যায়ের সাংগঠনিক কাঠামো পূর্ণতা পেল।
নবগঠিত কমিটির নেতারা জানান, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়ার হাতকে আরও শক্তিশালী করে দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত ও গতিশীল করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার, দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং তৃণমূলের নেতাকর্মীদের আরও সক্রিয় করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
নতুন কমিটি ঘোষণাকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক তৎপরতা বাড়ার প্রত্যাশা তৈরি হয়েছে। নেতাকর্মীরা বলছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করা এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে।
মোঃ জয়নাল সরকার,হোমনা