কুমিল্লার হোমনা উপজেলার নিলখী ইউনিয়নের ওপারচর গ্রামে অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ মশিউর রহমান লিটন (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হোমনা থানা পুলিশ।
গতকাল ১৯ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত মশিউর রহমান লিটন ওপারচর গ্রামের মোঃ মোস্তফার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, হোমনা থানার এসআই (নিঃ) ছোটন শর্মা, এসআই (নিঃ) মোসলেহ উদ্দিন ও এএসআই (নিঃ) মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে আসামির বসতঘরে অভিযান চালান। এ সময় তল্লাশি চালিয়ে তাঁর নিকট থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় হোমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের দমনে এ ধরনের তৎপরতা আরও জোরদার করা হবে।
মোঃ জয়নাল আবেদিন, হোমনা