কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশে নারীকে প্রকাশ্যে জু'তাপে'টা করলেন ইউপি চেয়ারম্যান
ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশে নারীকে প্রকাশ্যে জু'তাপে'টা করল...
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশে নারীকে প্রকাশ্যে জু'তাপে'টা করলেন ইউপি চেয়ারম্যান

ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দিনের বিরুদ্ধে গ্রাম্য সালিশ বৈঠকে প্রকাশ্যে এক নারীকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের বলাকিয়া গ্রামে একটি গ্রাম্য সালিশ বৈঠকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গ্রামের ছোট-বড় মানুষের উপস্থিতিতে ওই নারীকে প্রকাশ্যে জুতা দিয়ে আঘাত করছেন ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দিন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মাধবপুর ইউনিয়নের চারিপাড়া গ্রামের বিল্লাল হোসেন নামে এক যুবকের সঙ্গে ওই নারীর কথিত পরকীয়া সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে ওই নারী ও ওই যুবক—উভয়ের বিরুদ্ধেই শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। তবে পুরুষের বিচার বা শাস্তির কোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েনি। অন্যদিকে, নারীকে জুতাপেটার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যে ওই নারীকে জুতাপেটার ভিডিও ছড়িয়ে পড়ায় তার পরিবারের অন্যান্য সদস্যরাও সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দিন বলেন, “ওই নারী প্রবাসী স্বামীর সংসারে থেকে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। সামাজিক বিচারে যে রায় দেওয়া হয়েছে, আমি তা কার্যকর করেছি মাত্র।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সালিশের নামে প্রকাশ্যে কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করা আইনসঙ্গত কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ