কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ এবং এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল ৬টা ৪৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই ডি.এম.এ. মজিদের নেতৃত্বে এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকীসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার ৬নং ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ধান্যদৌল উত্তর বাজারের হাজী আলী আহাম্মেদ মার্কেটের সামনে কুমিল্লা-মিরপুর আঞ্চলিক সড়ক থেকে একটি প্রাইভেটকার তল্লাশি করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রাইভেটকারসহ মো. নাছির উদ্দিন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার নয়নপুর (মোল্লাবাড়ি) গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। বর্তমানে তিনি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন উত্তর সায়েদাবাদের ১২/ডি এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, জব্দকৃত প্রাইভেটকারটির আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মোঃ হাবিবুর রহমান সোহেল, ব্রাহ্মণপাড়া