বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লার নাঙ্গলকোটের আদ্রা দক্ষিণ ইউনিয়ন কমিটির সদস্য ভোলাইন ভূঁইয়া বাড়ির আবুল হোসেনের পুত্র মোহাম্মদ মহসিনের উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে একই ইউনিয়ন যুবদল সদস্য সচিব নুরুন্নবী পারভেজ ভূঁইয়ার বিরুদ্ধে। শনিবার রাত ৮টার দিকে ভোলাইন বাজার আশিক এলাহির দোকানে এ হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় আহত যুবদল নেতা মহসিন বাদী হয়ে একই গ্রামের মমতাজ উদ্দিন ভূঁইয়ার ছেলে ইউনিয়ন যুবদল সদস্য সচিব নুরুন্নবী পারভেজ ভূঁইয়ার বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এ ঘটনায় নাঙ্গলকোট থানা পুলিশের উপ-পরিদর্শক শাহাদাত সঙ্গীয় ফোর্স রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত পারভেজ ভূঁইয়ার বোনের নিকট থেকে আহত যুবদল নেতা মহসিন কিছু জমি ক্রয় করার কারণে পারভেজ ভূঁইয়া ক্ষিপ্ত হয়ে মহসিন ও তার পরিবারের সদস্যদের দীর্ঘদিন যাবত হামলা ও হত্যার হুমকি দিয়ে আসছে। জমি সংক্রান্ত শত্রুতার জেরে শনিবার রাত ৮টার দিকে ভোলাইন বাজারে আশিক এলাহির দোকানে মহসিনের উপর পারভেজ ভূঁইয়া পূর্বপরিকল্পিত ভাবে স্টিলের ছড়ি দিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় পারভেজ ভূঁইয়া মহসিনকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা মহসিনকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত যুবদল নেতা মহসিন বলেন, সন্ত্রাসী পারভেজ স্টিলের ছড়ি দিয়ে আমাকে অতর্কিতভাবে হামলা করে। আমাকে আঘাত করতে-করতে ছড়িটি ভেঙ্গে যায়। এসময় সে কোমর থেকে চাইনিজ কুড়াল বের করলে স্থানীয়দের কারণে আমাকে আঘাত করতে পারেনি। আমি ছড়িটির ভাঙ্গা অংশ থানায় জমা দিয়েছি। আমি পারভেজ ভূঁইয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
অভিযুক্ত নুরুন্নবী পারভেজ ভূঁইয়া বলেন, তার সাথে সরকারি একটি ঢালাই রাস্তার কাজ নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়েছে, হামলা ও অহত হওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।
আদ্রা দক্ষিণ ইউনিয়ন বিএনপি উন্নয়ন কমিটির সদস্য আশিক এলাহি বলেন, আমার দোকানে তাদের উভয়ের মধ্যে কথা কাটাকাটি'র পর নুরুন্নবী পারভেজ ভূঁইয়া কোমর থেকে স্টিলের ছড়ি বের করে উপর্যপরি মহসিনকে আঘাত করে।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ শাহিনূর ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলমান আছে।
নাঙ্গলকোট প্রতিনিধি