কুমিল্লার হোমনা উপজেলার ঘাড়মোড়া আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রাণবন্ত এ আয়োজন বিদ্যালয় প্রাঙ্গণকে মুখরিত করে তোলে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি এবং ঘাড়মোড়া ইউনিয়নের তিনবারের সফল চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান মোল্লা। তিনি তাঁর বক্তব্যে বলেন, একজন শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ক্রীড়াচর্চার ওপর তিনি গুরুত্বারোপ করেন এবং বিদ্যালয়ের খেলাধুলার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইকবাল হোসেন এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারীরা।
প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন বলেন, “আমার বিদ্যালয়ের প্রতিটি ছেলে-মেয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী। তারা ভবিষ্যতে দেশ ও জাতির জন্য গৌরব বয়ে আনবে—এই প্রত্যাশাই করি।”
সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “এই বিদ্যালয় থেকেই একদিন বাংলাদেশের জাতীয় দলের তারকা খেলোয়াড় তৈরি হবে। ভবিষ্যতে বিশ্বকাপের মতো আন্তর্জাতিক আসরে আমাদের শিক্ষার্থীরা দেশের প্রতিনিধিত্ব করবে—এমন স্বপ্নই আমরা লালন করি।”
ফাইনাল ম্যাচে সপ্তম শ্রেণি ও দশম শ্রেণি মুখোমুখি হয়। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। তবে শেষ পর্যন্ত দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে দশম শ্রেণি ৫-১ গোলের বড় ব্যবধানে সপ্তম শ্রেণিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি এবং সুস্থ-সুন্দর প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।
মোঃ জয়নাল সরকার, হোমনা