গ্র্যাজুয়েটদের দুর্নীতির কারণেই বাংলাদেশ একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে’— এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, উচ্চশিক্ষা অর্জন করলেই প্রকৃত মানুষ হওয়া যায় না; ইসলামি মূল্যবোধ ও নৈতিকতা থেকে বিচ্যুত হওয়ার কারণেই শিক্ষিতদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে পড়ছে।
শনিবার (২৫ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত দোয়া ও ইসলাহী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাদ আসর অনুষ্ঠিত এ দোয়া ও ইসলাহী ইজতেমায় মুফতি ফয়জুল করিম বলেন, “বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবনে বৈরী পরিবেশে ঈমান নিয়ে মহান আল্লাহ তাআলার ইবাদত করার পুরস্কার অন্য পরিবেশে আমল করার চেয়ে বেশি হবে।”
দেশের নৈতিক অবক্ষয় ও দুর্নীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, “গ্র্যাজুয়েটদের দুর্নীতির কারণে বাংলাদেশ একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করা হয়েছিল, তারাও মানুষ ছিল। তোমাদের ইসলামকে সঙ্গে নিয়ে প্রকৃত মানুষ হতে হবে।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, “তোমরা ইসলামকে নিয়ে গ্র্যাজুয়েট হও। ইসলামকে সঙ্গে নিয়ে মানুষের মতো মানুষ হও। তাহলে দুনিয়া ও আখিরাতে মহান আল্লাহ তোমাদের পুরস্কৃত করবেন।”
এ সময় তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জুলাই শহীদ আবদুল কাইয়ুমকে স্মরণ করে বলেন, “যে উদ্দেশ্যে আমরা জুলাইয়ে মৃত্যুর ঝুঁকি নিয়েছিলাম, তা বাস্তবায়িত হয়নি।” তিনি জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে নৈতিকতা, সততা ও আদর্শের পথে অবিচল থাকার আহ্বান জানান।
দোয়া ও মোনাজাত শেষে মুফতি ফয়জুল করিম বিশ্ববিদ্যালয়ের বিজয়–২৪ হলে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ওষুধসামগ্রী সম্বলিত ‘শহীদ আবদুল কাইয়ুম মেডিকেল বক্স’ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. শামীম। তিনি কেন্দ্রীয় মসজিদে কর্মসূচি আয়োজনের অনুমতি দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী এবং ইসলামী আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কুবি প্রতিনিধি