কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বিদেশি পিস্তল ও গুলিভর্তি ম্যাগাজিনসহ মাহবুব সম্রাট (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) উপজেলার মালিগাঁও ইউনিয়নের থৈরখোলা গ্রামে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মাহবুব সম্রাট কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের মোশারফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে। তিনি গত বছরের ২৫ জুলাই রাতে গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় সন্ত্রাসীদের হামলায় নিহত মামুন সম্রাটের ছোট ভাই।
বুধবার সন্ধ্যায় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার পুলিশ মালিগাঁও ইউনিয়নের থৈরখোলা গ্রামের আকবর আলীর মাছ চাষ প্রকল্প অফিসসংলগ্ন রায়পুর-মালিগাঁও সড়কের পশ্চিম পাশে একটি কাঁচা সড়কে অভিযান চালায়। এ সময় সেখানে অবস্থানরত মাহবুব সম্রাট পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরবর্তীতে তার দেহ তল্লাশি চালিয়ে কোমর থেকে একটি বিদেশি পিস্তল এবং গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাহবুব সম্রাটের বিরুদ্ধে মাদক, ডাকাতিসহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সংবাদ সম্মেলনে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রতিনিধি