কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান ফেসবুকে বিদায় বার্তা দিয়ে বিদায় নিয়েছেন।
রবিবার (১৯ জুলাই) রাত ১১টায় "ইউএনও ব্রাহ্মণপাড়া" ফেসবুক আইডিতে বিদায় উপলক্ষে এক আবেগঘন বার্তা দেন।
দায়িত্ব শেষে উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন। তিনি কর্মজীবনের প্রায় দেড় বছরের অভিজ্ঞতা তুলে ধরেন এবং দায়িত্ব পালনের সময় সহযোগিতা করা সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
বিদায়ী বার্তায় মাহমুদা জাহান বলেন, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রায় দেড় বছর আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। এই পথচলায় ব্রাহ্মণপাড়ার মাননীয় এমপি মহোদয়, সিনিয়র স্যারবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন দলের স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ তথা সর্বস্তরের জনগণের যে সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি সেজন্য আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি আরও বলেন, কর্মকালীন আমার আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে যাওয়ার বেলায় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে এতটুকু বলতে পারি আমি ব্রাহ্মণপাড়া উপজেলার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতার সাথে চেষ্টা করেছি যদিও খুব বেশি কিছু করতে পারিনি। এই সময়টুকুতে আমার সব কৃতিত্বের ক্রেডিট আপনাদের, আর ব্যর্থতার সম্পূর্ণ দায়ভার আমার নিজের। বিদায় বেলায় আমাকে আপনারা যে সম্মান দেখিয়েছেন তা আমার চিরজীবন মনে থাকবে। ভালো থাকুক প্রিয় ব্রাহ্মণপাড়া, ভালো থাকুক ব্রাহ্মণপাড়ার মানুষগুলো।
উল্লেখ্য, সম্প্রতি বদলিজনিত কারণে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহানের কর্মস্থল পরিবর্তন হয়েছে। এখন নতুন কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায়।
তার বিদায় উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের উদ্যোগে সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মোঃ হাবিবুর রহমান সোহেল, ব্রাহ্মণপাড়া