কুমিল্লার লালমাইয়ে সোনালী ব্যাংক পিএলসির এক শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে মানহানি ও অসহযোগিতার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক বীর মুক্তিযোদ্ধা।
সোমবার (১৩ জুলাই ২০২৬) সকাল ১০টায় লালমাই প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, লালমাই উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সফিকুর রহমান মজুমদার।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডস্থ সোনালী ব্যাংক পিএলসির শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সাজিদুর রহমানের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ব্যাংকিং সেবায় অসহযোগিতার শিকার হয়েছেন।
তিনি জানান, তিনি দীর্ঘদিন ধরে সোনালী ব্যাংকের নিয়মিত গ্রাহক। সদর দক্ষিণ শাখায় তার একটি মর্টগেজ ঋণ এবং লালমাই উপজেলা শাখায় মুক্তিযোদ্ধা ঋণ ও ভাতা-সংক্রান্ত হিসাব রয়েছে।
অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ৭ এপ্রিল তিনি তার মর্টগেজ ঋণের বিপরীতে ১ লাখ ৯০ হাজার টাকা পরিশোধ করেন। এরপর শাখা ব্যবস্থাপক তাকে ঋণ নবায়নের আশ্বাস দিলেও তা না করে লালমাই উপজেলা শাখায় থাকা তার মুক্তিযোদ্ধা ঋণের হিসাব থেকে ৬ হাজার টাকা কেটে নেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে শাখা ব্যবস্থাপক বিষয়টিকে ভুলবশত হয়েছে বলে জানান এবং ভবিষ্যতে এমন হবে না বলে আশ্বস্ত করেন।
তিনি আরও অভিযোগ করেন, একই বছরের ১৬ অক্টোবর চিকিৎসাধীন এক স্বজনের হাসপাতালের ব্যয় মেটাতে আইএফআইসি ব্যাংকের মিয়াবাজার শাখা থেকে তার হিসাবে ৫০ হাজার টাকা পাঠানো হয়। কিন্তু ওই অর্থ উত্তোলনের সময় আবারও তার হিসাব থেকে ৬ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে বলে জানতে পারেন। পরে নিজ উদ্যোগে অতিরিক্ত অর্থ জমা দিয়ে টাকা উত্তোলন করতে হয়।
সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান মজুমদার বলেন, তিনি সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগের সঙ্গে চিকিৎসা সনদ, ঋণের স্টেটমেন্ট ও হিসাবের স্টেটমেন্ট সংযুক্ত করা হয়েছে।
তিনি অভিযোগের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মনসুর লোকমান রাকিব, লালমাই