কুমিল্লার হোমনায় ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে ‘স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস’ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার পূর্বপাড়া এলাকায় অবস্থিত কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মেদ মোফাচ্ছের। অভিযানে প্রতিষ্ঠানের সেবার মান নিয়ে ভুক্তভোগীদের অভিযোগের বিষয়টিও উঠে আসে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি পৌরসভার বৈধ ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করে আসছিল। অভিযানে ট্রেড লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায়, পরবর্তী প্রতি দিনের জন্য ২ হাজার টাকা করে জরিমানা করা হবে বলে আদালত সতর্ক করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মেদ মোফাচ্ছের বলেন, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত অনুমোদন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, আইনি প্রক্রিয়ার এই কড়াকড়ি ব্যবসায়ীদের নিয়ম মেনে ব্যবসা পরিচালনায় উদ্বুদ্ধ করবে এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষিত রাখবে।
মোঃ জয়নাল আবেদিন, হোমনা