কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) টানা ১৮ ঘন্টা ধরে বিদ্যুৎ নেই বলে অভিযোগ উঠেছে। এর দরুন, নিয়মিত একাডেমিক কার্যক্রমের অংশ এসাইনমেন্ট, প্রেজেন্টেশন ও পড়াশোনা করতে না পারায় ক্ষোভ প্রকাশ করছে শিক্ষার্থীরা।
রবিবার সন্ধ্যা ৬:০০ টা থেকে সোমবার সকাল ১০ টা বাজতে চললেও বিদ্যুতের সংযোগ নেই বলে নিশ্চিত করেছে আবাসিক হলের শিক্ষার্থীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা তাদের এসাইনমেন্ট, প্রেজেন্টেশন তৈরী করতে পারছে না। অনেকের মিডটার্ম ও সেমিস্টার পরীক্ষা রয়েছে কিন্তু বিদ্যুৎ না থাকায় তারা প্রস্তুতি নিতে পারছেন না বলে জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইঞ্জিনিয়ার দপ্তর সূত্রে জানা যায়, বিদ্যুৎ কখন আসবে তার সম্ভাব্য সময় এখনো বলা যাচ্ছে না। তবে এটা যদি আরও সময় বিলম্ব করে তাহলে পানির সংকট দেখা দিতে পারে।
প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী ম. মিজানুর রহমান বলেন, আমরা গতকাল রাত ১১ টায় পিডিবির কাছে গিয়েছিলাম। শালবনের এখানে গাছ ভেঙ্গেছে, কারেন্টের খুটিসহ কিছু মেশিনারিজ ভেঙ্গে পড়ায় বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। তারা কাজ করছে। তবে এখোনো কোনো সম্ভাব্য সময় বলা যাচ্ছে না।
পিডিবির উপ-সহকারী প্রকৌশলী পিন্টু দেবনাথ বলেন, শালবনের এখানে গাছসহ আমাদের কয়েকটি খুটি ভেঙে গেছে। কাজ চলছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যাতে সন্ধ্যার আগে বিদ্যুৎ সরবরাহ করা যায়।
কুবি প্রতিনিধি