মানবাধিকারভিত্তিক সংবাদমাধ্যম মানবাধিকার খবর-এর বিশেষ প্রতিনিধি মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে ঘিরে ধারাবাহিক হামলা ও অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে।
সংবাদমাধ্যমটির পক্ষ থেকে জানানো হয়, শুভ্রের দায়ের করা একটি জিআর মামলা চলমান থাকাকালে অভিযুক্ত চক্র মামলা প্রত্যাহার এবং চাঁদার টাকা দাবি করে আসছিল। এতে ব্যর্থ হয়ে একাধিকবার তাঁর ওপর হামলার চেষ্টা চালানো হয়। এরই মধ্যে দুইজন আসামি গ্রেপ্তার হলেও, অভিযোগ রয়েছে পরবর্তীতে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়।
সর্বশেষ ঘটনায় আজ দুপুরে ফৌজদারি যাওয়ার পথে ডেলুনি বাড়ী গলির মাথায় শান্তনীড় বাসার উল্টো পাশে সড়কের উপরে একটি কালো হাইএস মাইক্রোবাসে করে একদল ব্যক্তি এসে শুভ্রকে অপহরণের উদ্দেশ্যে সরাসরি আক্রমণ চালায় বলে অভিযোগ করা হয়েছে। তবে স্থানীয় সাধারণ মানুষের বাধার মুখে গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর বিষয়টি পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, ভবিষ্যতে আরও হামলা, মামলা বা গুম-খুনের মতো ঘটনা ঘটতে পারে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মানবাধিকার খবর এর সম্পাদক ও প্রকাশকসহ দেশ-বিদেশে কর্মরত প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ঘটনার প্রতিবাদে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন মানবাধিকার সংগঠন একাত্মতা প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
অফিস রিপোর্টার