কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নে একটি মাছের প্রকল্পের কারণে দুটি গুরুত্বপূর্ণ সরকারি সড়ক বিলীন হওয়ার পথে রয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ অনুযায়ী, ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পেরপেটি পূর্বপাড়া এলাকা দিয়ে গণকখুলি হয়ে একবাড়িয়া ও নলুয়া থেকে পেরপেটি হয়ে পয়ালগাছা সড়ক পর্যন্ত মানুষের চলাচলের প্রধান দুটি রাস্তা রয়েছে। এসব সড়কের পাশেই স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. মিজানুর রহমানের একটি বড় মাছের প্রকল্প (ফিশারি) গড়ে তোলা হয়েছে।
স্থানীয়দের দাবি, মাছ চাষের পরিধি বাড়াতে গিয়ে সড়কের একেবারে কিনারা ঘেঁষে খনন করা হয়েছে। কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা বা রিটেইনিং ওয়াল না থাকায় সাম্প্রতিক বৃষ্টি ও পানির চাপে সড়কের একটি বড় অংশ ধসে পড়ে মাছের ঘেরে মিশে গেছে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের একাংশ ভেঙে যাওয়ায় অটোরিকশা, ভ্যানসহ ছোট যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এতে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট ইউপি সদস্যকে জানানো হলেও তিনি কার্যকর কোনো পদক্ষেপ নেননি। বরং প্রভাব খাটিয়ে নিজের ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে তাঁদের অভিযোগ।
এদিকে, একজন জনপ্রতিনিধি হিসেবে এত বড় মাছের প্রকল্পে বিনিয়োগের অর্থের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মো. মিজানুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া জাহান নিতু জানান, আমি চার মাসের ট্রেনিংয়ে রয়েছি। তারপরেও কোন অভিযোগ পেলে প্রয়োজানীয় ব্যবস্থ নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান রনি জানান, আমরা আপনার মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। এবিষয়ে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক