কুমিল্লা | বঙ্গাব্দ

জাঙ্গালীয়ায় পিডিবির ৩ কর্মকর্তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

  • প্রকাশের তারিখ : 5-মার্চ-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার জাঙ্গালীয়া এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর নির্বাহী প্রকৌশলীসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। প্রিপেইড মিটার স্থাপনের পরও গ্রাহকের নামে ‘ভুতুড়ে বিল’ প্রদান এবং অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে এ নোটিশ দেওয়া হয়।

ভুক্তভোগী গ্রাহক কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা-এর শ্রীমন্তপুর গ্রামের মৃত বাবুল হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেনের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আইনজীবী অ্যাডভোকেট মো. রেজাউল কবির সংশ্লিষ্টদের কাছে এই লিগ্যাল নোটিশ প্রেরণ করেন।

নোটিশে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন— পারভেজ আহম্মেদ (নির্বাহী প্রকৌশলী, পিডিবি জাঙ্গালীয়া), আইয়ুব আলী (উপ-সহকারী প্রকৌশলী, পিডিবি জাঙ্গালীয়া) এবং আনিছ (মিটার রিডার, শ্রীমন্তপুর এলাকা)।
নোটিশ সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন তার পিতার সময় থেকে বিদ্যুৎ মিটার (নং–৩১৬৯৪৬১২) ব্যবহার করে আসছিলেন। গত বছরের ৭ অক্টোবর ১০ হাজার ২৮৫ টাকা বকেয়া পরিশোধের পর বিদ্যুৎ অফিসের নির্দেশনায় পুরোনো এনালগ মিটার জমা দিয়ে প্রিপেইড মিটার (নং–১২১০০৯৯৬৬৮০) স্থাপন করেন।

কিন্তু প্রিপেইড মিটার স্থাপনের পরও চলতি বছরের ৯ ফেব্রুয়ারি হঠাৎ করে তার নামে ৩৫ হাজার ১৭৯ টাকার একটি এনালগ বকেয়া বিল দেখানো হয় এবং বিদ্যুৎ সংযোগ লক করে দেওয়া হয়। এ বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী আইয়ুব আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বকেয়া বিল পরিশোধের পরামর্শ দেন।

পরবর্তীতে মিটার রিডার আনিছের সঙ্গে কথা বললে তিনি স্বীকার করেন যে, মিটারের ইউনিট জমিয়ে রেখে কম উল্লেখ করা হয়েছিল। নোটিশে এই কর্মকাণ্ডকে আইনবহির্ভূত ও রাষ্ট্রবিরোধী আচরণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বাধ্য হয়ে আনোয়ার হোসেন গত মাসে কিস্তিতে মোট ৩৬ হাজার ৪৬০ টাকা পরিশোধ করেন। এরপরও গত ২৩ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয় বলে অভিযোগ রয়েছে। এতে পবিত্র রমজান মাস উপলক্ষে ফ্রিজে সংরক্ষিত প্রায় ৩২ হাজার ১০০ টাকার নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য নষ্ট হয়ে যায়, ফলে তিনি আর্থিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হন।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে, সরকারি দায়িত্বে থেকে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে গ্রাহককে হয়রানি করা হয়েছে। নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণ প্রদান ও সমস্যার সমাধান না হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়ের করা হবে বলে জানানো হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ