কুমিল্লা | বঙ্গাব্দ

গোমতী নদীর চর দখল ও মাটি কাটায় ফের সক্রিয় ‘মাটি খেকো’ জহির

  • প্রকাশের তারিখ : 25-ফেব্রুয়ারি-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুর ইউনিয়নের গোমতী নদীর চরজুড়ে ফের শুরু হয়েছে অবৈধ মাটি উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে হাজার হাজার ঘনফুট মাটি কেটে ট্রাকযোগে বিভিন্ন ইটভাটায় সরিয়ে নেওয়া হচ্ছে।এই কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আড়াইওড়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা মো. জহিরুল ইসলাম ওরফে ‘মাটি খেকো’ জহির। দীর্ঘদিন ধরে মাটি কাটা, জমি দখল ও নানা অনিয়মের অভিযোগ থাকলেও সম্প্রতি তিনি আবারও সক্রিয় হয়ে উঠেছেন বলে দাবি স্থানীয়দের।স্থানীয়দের ভাষ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর কিছুদিন আত্মগোপনে থাকলেও বর্তমানে প্রভাবশালী মহলের সঙ্গে সমঝোতার মাধ্যমে পুনরায় তার দাপট শুরু হয়েছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে চলছে মাটি কাটার মহোৎসব।অভিযোগ রয়েছে, কোনো প্রকার বৈধ অনুমতি ছাড়াই গোমতী নদীর চর থেকে বাণিজ্যিকভাবে মাটি উত্তোলন করা হচ্ছে, যা নদীর তীর ও বাঁধকে ঝুঁকির মুখে ফেলছে। এতে নদীভাঙন ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা।এদিকে, পূর্বের মতো এবারও ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না অনেকেই। অভিযোগ উঠেছে, প্রতিবাদ করলে হামলা, মামলা ও হয়রানির শিকার হতে হয়।স্থানীয় সচেতন মহল বলছে, দীর্ঘদিন ধরে একই ব্যক্তির বিরুদ্ধে বারবার অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এতে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গোমতী নদী রক্ষায় দ্রুত অভিযান পরিচালনা করে অবৈধ মাটি কাটা বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। অন্যথায় নদী ও আশপাশের বসতি বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা তাদের।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ